সমাজের আলো। : বৈধ পাস পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে আর্থিক সহায়তা দিয়েছে বন বিভাগ। বুধবার সকাল ১০টায় খুলনায় বন সংরক্ষকের কার্যালয়ে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এক লাখ টাকার সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় বন সংরক্ষক ইমরান আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম। বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের বাসিন্দা।
বন বিভাগ ও বাবলু গাজী সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৩ মে সহযোগীদের সঙ্গে মধু আহরণের জন্য তিনি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে যান। একপর্যায়ে কচিকাটা এলাকার পায়রাটুনি খালের ওপর উঠতেই পেছন থেকে একটি বাঘ তাঁকে আক্রমণ করে। এ সময় সহকর্মীরা প্রায় ৭ থেকে ৮ মিনিট ধরে চেষ্টা চালিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং লোকালয়ে নিয়ে আসেন।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, বৈধ অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশের পর কোনো বনজীবী বন্য প্রাণীর আক্রমণে আহত বা নিহত হলে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেই সুবিধার আওতায় বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে

