যশোর অফিস

আগামী বুধবার (২ ডিসেম্বর) যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। যশোরের কর্মসূচি শেষে একই দিন কুষ্টিয়া সফর করবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার (২৫ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে যশোর ও কুষ্টিয়ার কর্মসূচির উল্লেখ রয়েছে।

যশোরে প্রধানমন্ত্রীর সফরের মূল কর্মসূচি বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেড। এ অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপনী শেষে নবীন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সামরিক জীবনে প্রবেশের স্বীকৃতি দেওয়া হয়।

যশোরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় যাবেন। সেখানে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ও কমলাপুর ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৭১ লাখ ২৫ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।

এ ছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে সেনাবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতি নিয়ে আলোচনা থাকলেও প্রকাশিত সরকারি সফরসূচিতে এর উল্লেখ নেই। একইভাবে যশোরে কোনো জনসভা, রাজনৈতিক সমাবেশ কিংবা স্থানীয় উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচিও সফরসূচিতে উল্লেখ করা হয়নি।

নির্ধারিত কর্মসূচি শেষে একই দিন প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *