যশোর অফিস
যশোর শহরের বিজয়নগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইজাজুল ইসলাম সোহাগ (৩২) নামে এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত ইজাজুল ইসলাম সোহাগ বিজয়নগর এলাকার বাসিন্দা ও পেশায় শহরের যানজট নিরসন কর্মী এবং কমিউনিটি পুলিশ সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক দুপুর ১টার দিকে সোহাগ বাড়ি থেকে চুড়ামনকাঠি বাজারে যাওয়ার পথে বিজয়নগর রাস্তার মাথায় একটি ফাঁকা জায়গায় প্রসাব করতে দাঁড়ান। এ সময় জমির মালিক আরশাদ আলী (৪৫) তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে আরশাদ আলী ধারালো অস্ত্র দিয়ে সোহাগের পিঠের বাম পাশে আঘাত করেন, এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরে আহত সোহাগ নিজেই চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

