শহিদ জয় যশোর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোরস্থ বারবাজার (শহর মোহাম্মাদাবাদ) সমিতির সার্বিক ব্যবস্থাপনায় একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বারোবাজার হাইস্কুল মাঠে আয়োজিত এ শিবিরে এলাকার অসহায় ও দরিদ্রসহ বিভিন্ন বয়সী প্রায় ৩১০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা শিবিরে চোখ পরীক্ষা শেষে ৫০ জন রোগীকে ছানি রোগী হিসেবে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে এবং রেশমি অ্যান্ড মাহমুদ সিদ্দিকী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রবীণ শিক্ষক আরশেদ আলী পাতা, যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক ডা. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব এস এম সোহেল, তরিকুল ইসলাম, সিনিয়র সদস্য আমিনুর রহমান, বারোবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও বারোবাজার ও আশপাশের এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *