শহিদ জয়, যশোর
যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসানের ওপর ছুরিকাঘাতের প্রতিবাদে এবং হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন, শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান তন্ময় ও সহসভাপতি মিনহাজুল আবেদিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে ফয়সাল হাসানের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।
মিছিল শেষে শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে বিক্ষোভকারীরা কলেজ থেকে বের হয়ে মনিহার মোড়ে চলে যান। পরে কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন সেখানে গিয়ে তাঁদের শান্তিপূর্ণভাবে কলেজে ফিরিয়ে নিয়ে যান।
উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে যশোর সরকারি সিটি কলেজের গেটে ফয়সাল হাসান ছুরিকাঘাতে আহত হন। অভিযোগ অনুযায়ী, কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে অংকন (২৪) নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। অংকন যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রদল।

