শহিদ জয়, যশোর
যশোরের বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কথিত মাদক ব্যবসায়ী মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ (৬০) এবং তার সহযোগী শিউলি বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনজুরা বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী এবং শিউলি একই এলাকার রিজাউল করিমের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন।

