সমাজের আলো।। বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপড়েন এবং কনস্যুলার সংলাপ পিছিয়ে যাওয়ার মধ্যেই শুক্রবার এ অবস্থানের কথা জানিয়েছে নয়াদিল্লি। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি স্থগিত করা হয়েছে। এনিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে বৈঠকটি অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত।’তিনি জানান, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে।
পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে বলে জানান তিনি।জয়সওয়াল বলেন, ‘বিদ্যমান ব্যবস্থার আওতায়, এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় বসতে ভারত প্রস্তুত।’

