যশোর অফিস
বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়া প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান।
বুধবার (১১ নভেম্বর) রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।
এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এসময় ২৬ হাজার ৩৫৩টি ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭টি কাশ্মীরি শাল জব্দ করা হয়। জব্দ করা শাড়ির বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন,তাঁরা পরস্পর যোগসাজশে বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ডভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতেন।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ করা পণ্যসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল কাস্টমস হাউসের (আইআরএম) রাজস্ব কর্মকর্তা মির্জা সাঈদ হাসান ফরমান ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি চক্র দীর্ঘদিন ধরে কাগজপত্রবিহীন পণ্য পাচার করে আসছে। এর মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে তাঁদের দাবি। তবে সাধারণ ব্যবসায়ীদের ছোটখাটো বিষয়েও কঠোরতা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *