যশোর অফিস 
ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশি নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। তবে দেশে ফেরার পর রাতভর খোলা আকাশের নিচে অবস্থান করতে হওয়ায় তাদের প্রতি অবহেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ জুন) রাত ১১টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাত সাড়ে ১২টার দিকে ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানার আইনগত কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার।
স্থানীয় সূত্র জানায়, ফেরত আসা ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে পাঞ্জাবের অমৃতসর সেন্ট্রাল কারাগারে সাজাভোগ শেষে আদালতের নির্দেশে বিভিন্ন সেফ হোমে পাঠানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই দেশের সরকারের সমন্বয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
তবে দেশে ফেরার পর তাদের রাতভর বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন পর দেশে ফেরা এসব মানুষকে অন্তত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা উচিত ছিল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা জানান, কাজের আশায় দালালদের প্ররোচনায় পড়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে বিভিন্ন সেফ হোমে পাঠায়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে জাস্টিস অ্যান্ড কেয়ারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শাফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় কাউন্সেলিং ও পুনর্বাসন কার্যক্রম শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *