যশোর অফিস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৪২৭ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ২০ হাজার ৪৫০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৯৭৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলায় ২৯৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলাভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়,খুলনায় ১৯ হাজার ৫৫০ পরীক্ষার্থীর মধ্যে ২৩২ জন, বাগেরহাটে ১০ হাজার ৬১৬ জনের মধ্যে ১৬৫ জন, সাতক্ষীরায় ১২ হাজার ৯০৬ জনের মধ্যে ২১২ জন অনুপস্থিত ছিল।
এছাড়া কুষ্টিয়ায় ১৮ হাজার ১৬০ পরীক্ষার্থীর মধ্যে ৩০১ জন, চুয়াডাঙ্গায় ৮ হাজার ১৩৮ জনের মধ্যে ১৩৪ জন, মেহেরপুরে ৫ হাজার ৪৩৪ জনের মধ্যে ৮৯ জন এবং যশোর জেলায় ২০ হাজার ১৬৮ পরীক্ষার্থীর মধ্যে ৩২২ জন পরীক্ষায় অংশ নেয়নি।
অন্যদিকে, নড়াইলে ৫ হাজার ৫৫৯ জনের মধ্যে ১০৮ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৭৬৩ জনের মধ্যে ৩০১ জন এবং মাগুরায় ৭ হাজার ১৩৩ পরীক্ষার্থীর মধ্যে ১১৩ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *