সমাজের আলো।। সুন্দরবনের কটকা ও কেওড়াতলা এলাকা থেকে মঙ্গলবার ও বুধবার (২০ মে) রাতে ১১টি মাছ ধরার ট্রলার থেকে ৩৯ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এসময় প্রাণ বাঁচাতে কয়েকজন জেলে নদী ও খালে ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, ২৫ থেকে ৩০ সদস্যের একটি সশস্ত্র জলদস্যু দল অত্যাধুনিক অস্ত্র নিয়ে ট্রলারগুলোতে গুলি ছুড়ে হামলা চালায়। এই দস্যু দলটি ‘জাহাঙ্গীর বাহিনী’ বা ‘কাটুন বাহিনী’ নামে পরিচিত। তারা ট্রলারগুলো থেকে মাছ ধরার জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম লুটে নেওয়ার পাশাপাশি জেলেদের বন্দি করে নিয়ে যায়।
দস্যুদের পরনে ছিল কালো রঙের পোশাক, যার সামনের অংশে ‘মানবতা ফাউন্ডেশন’ এবং পেছনে সৌজন্যে ‘জাহাঙ্গীর ভাই’ লেখা ছিল। তবে পোশাকের গায়ে মানবতা লেখা থাকলেও তাদের কর্মকান্ডকে পুরোপুরি মানবতাবিরোধী বলেই অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা।
অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন ও ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের মধ্যে পাথরঘাটার ট্রলার মালিক মাসুমসহ ইব্রাহিম, ইয়াসিন, হোসেন, তাওহিদ, সেলিম, জাকির মুন্সি, হানিফা, হৃদয় ও সুমনের নাম জানা গেছে।
এছাড়া রাজাপুর উপজেলার আলম হাওলাদার, ইউসুফ খান ও ফোরকানসহ আরও ২৫ জন জেলে অপহৃত হয়েছেন। দস্যুদের কবল থেকে পালিয়ে আসা ট্রলার মালিক কালাম মিয়া জানান, অপহৃত প্রত্যেক জেলের মুক্তির জন্য দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে জলদস্যুরা।
এদিকে ঘটনার দুই দিন পার হয়ে গেলেও অপহৃত জেলেদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল জানিয়েছে, ঘটনাস্থলটি কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার আওতাধীন হওয়ায় তাদের তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে এবং ইতোমধ্যে দুটি দল অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি তিনি, তবে অপহরণের সংবাদ পেয়ে জেলেদের খোঁজখবর ও তথ্য সংগ্রহের কাজ চলছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সুন্দরবনে জোরদার অভিযান পরিচালনা করছে। দ্রুতই জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।

