সমাজের আলো।। সুন্দরবনে বিএলসিধারী মাছ ধরা জেলেদের এই প্রথম বারের মত খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরার উপকূলীয় গাবুরা ইউনিয়ন পরিষদে দেওয়া শুরু হয় এই খাদ্য সহায়তা। তবে বিএলসিধারী বহু জেলেরা এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন।
জেলের অভিযোগ, বিএলসি থাকা সত্ত্বেও সহায়তা পাচ্ছি না। অনেকে আবার সুন্দরবনগামী জেলে না হয়েও সহায়তা পাচ্ছেন। তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগ তোলেন তারা।
অভিযোগের বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বন বিভাগ থেকে তালিকা নিয়ে মৎস্য বিভাগ গাবুরা ইউনিয়নের জন্য ৬২৫ জনের তালিকা প্রস্তুত করেছে। জন প্রতি ৮০ কেজি চাউল সহায়তা দিয়েছে। ইউনিয়ন পরিষদ শুধুমাত্র তাদের হাতে চাউলটা পৌঁছে দিচ্ছে। এই তালিকা আমরা প্রস্তুত করিনি।
শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান জানান, উপজেলার দশটি ইউনিয়নে ২৫৭৪ জন মাছ ধরা জেলেকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সুন্দরবন তিন মাস নিষেধাজ্ঞা চলাকালীন সময়ের জন্য এই প্রথমবার এমন সহায়তা দিচ্ছে সরকার। যেসব জেলেরা যে কোন কারণে বাদ পড়েছেন তারা বিএলসি, জেলে কার্ড ও ভোটার আইডি কার্ড যুক্ত করে আমাদের দপ্তরে আবেদন করতে পারবেন। উপজেলা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে পুনঃরায় বরাদ্দ চেয়ে মন্ত্রনালয়ে পাঠানো হবে।

