সমাজের আলো।। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ২০১৬-১৭ সালে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বিশ্বের সর্বোচ্চ এই আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল। এর মধ্য দিয়ে সাত বছর ধরে চলা একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের অবসান হলো।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত সম্পূর্ণভাবে নিশ্চিত যে, মিয়ানমার গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে। দেশটিতে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল।’আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে রাষ্ট্রের গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত গণহত্যার অভিযোগ মোকাবিলায় ভবিষ্যতের বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রেও এটি নজির হয়ে থাকবে।২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। তাদের সঙ্গে আসা প্রত্যক্ষদর্শীরা গণহত্যা, নারী ও শিশুদের ওপর নির্যাতন, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন।

প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ
২০১৭ সালের আগস্টে রাখাইনে শুরু হওয়া সামরিক অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নৃশংসতার প্রমাণ পেয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার যে হিসাব উপস্থাপন করা হয়েছে, সাক্ষ্যপ্রমাণ তা সমর্থন করে।
এ ছাড়া নিরাপত্তা বাহিনী ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *