​সমাজের আলো। : সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকের চাপায় আব্দুল আজিজ (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীও; আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
​নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার ইসমাইলপুর (গোডাউন মোড়) এলাকার বাসিন্দা এবং জয়নগর গাজী বাড়ির সন্তান। তিনি স্থানীয় ইজিবাইক চালক হাফিজুর ও মাজিদ মিস্ত্রির মেজ ভাই।
​প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আব্দুল আজিজ। পথিমধ্যে বংশীপুর থেকে ভেটখালীগামী সড়কের পেচোর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ প্রাণ হারান এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত নারীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করেন।
​এদিকে, ছেলের বিয়েকে ঘিরে পরিবার ও স্বজনদের মাঝে যে আনন্দ-উৎসবের আমেজ চলছিল, আকস্মিক এই দুর্ঘটনায় তা মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *