শহিদ জয়,যশোর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পুলিশ সদস্যদের রাজনৈতিক পরিচয়ে নয়, পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করেছে। পুলিশ সদস্যদের রাজনৈতিক ক্যাডার হিসেবে গড়ে তুলে জনগণের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সতর্ক ও সুচিন্তিত।
শনিবার যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে প্রধানমন্ত্রী কোথাও পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ দেননি। পুলিশ সদস্যরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আগামী দিনে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে উঠবে, যারা জনগণকে সেবা দেবে এবং মানুষের কাছে প্রকৃত বন্ধু হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রী সেই লক্ষ্যেই কাজ করছেন।
তিনি বলেন, কোতোয়ালি থানা অত্যন্ত ঐতিহ্যবাহী। মহান মুক্তিযুদ্ধে এ থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে মব সংস্কৃতির মাধ্যমে থানা লুটপাটের ঘটনা ঘটলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে কোতোয়ালি থানার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। বিগত দেড় বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি বিএনপির নেতাকর্মীদের অনেক ক্ষোভ ও দুঃখ থাকলেও তাঁরা উপলব্ধি করেছিলেন, একটি সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী অপরিহার্য। পুলিশকে বাদ দিয়ে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয়।
নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নত অবকাঠামো ও কর্মপরিবেশ নিশ্চিত হলে পুলিশ সদস্যরা জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবেন। ছয়তলা ভিত্তির ওপর চারতলা পর্যন্ত ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না বলে তিনি যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।
তিনি আরও বলেন, যশোরে কোনো সরকারি স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কাজের মান নিয়ে আপসের কথা শুনতে চান না। কোতোয়ালি থানার পুরোনো ভবনে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পুলিশ সদস্যদের স্মৃতি জড়িয়ে রয়েছে। নতুন ভবন নির্মাণের পর থানা চত্বরে তাঁদের স্মৃতি সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, ইন্সপেক্টর তদন্ত মোঃ বদরুজ্জামান মোল্লা, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

