সমাজের আলো।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে রাতের আঁধারে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চেতনানাশক ক্রিয়ায় পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
অজ্ঞান ও অসুস্থ অবস্থায় গৃহকর্তা এবং তাঁর ছেলে সবুজকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাতে হরিহরনগর গ্রামের ওই বাড়িতে রাতের খাবারের সাথে কৌশলে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেওয়া হয়। পরিবারের সবাই সেই খাবার খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ও অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে কে বা কারা বাড়িতে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৮ ভরি স্বর্ণ এবং ৪ লাখ টাকা লুট করে চম্পট দেয়।
পরে ৫ নভেম্বর সকালে বাড়ির লোকজনের সাড়শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে এনে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

