ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত আলহাজ্ব আব্দুল করিম গাইনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।অভিযুক্ত আব্দুল করিম গাইন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের আশারাফ আলী গাইনের ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, তিনি ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে। কিন্তু বছরের পর বছর পার হলেও কেউ বিদেশ যেতে পারেনি, টাকা ফেরতও পায়নি। মোবাইলের মাধ্যমে টাকা ফেরত চাইলে দেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের পাওনা টাকা ফেরতের জোর দাবি জানান। এদিকে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রতারণা মামলায় নড়াইল সদর থানা পুলিশ অভিযুক্ত আব্দুল করিমকে আটক করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে কালিগঞ্জ থানা পুলিশ তাকে গোপনে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ থানার সামনে জড়ো হন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীদের মধ্যে উপজেলার তারালি ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে মারুফ হোসেন,
বিনেরপোতা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোঃ আরিফুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে মোঃ জহুরুল ইসলাম,ধলবাড়িয়া ইউনিয়নের উচ্ছে পাড়া গ্রামের আশারাফ তরফদারের ছেলে ফরিদ হোসেন, কৃষ্ণনগর বেনাদনা গ্রামের ইউসুফ ঢালির ছেলে সোহরাব হোসেন, মথুরেশপুর শীতলপুর গ্রামের আকবর হোসেন,রতনপুর গান্ধুলিয়া গ্রামের ফেরাস তুল্লাহ গাজীর ছেলে মশিউর রহমান,একই এলাকার আহাম্মদ আলী গাইনের ছেলে আবুল কাশেম গাইন,
কলারোয়া উপজেলার ধানঘোরা গ্রামের কুরবান আলী সরদারের ছেলে মুজাহিদুল ইসলাম,ধলবাড়িয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত জহুর আলী গাজীর ছেলে রুহুল আমিন গাজী,বাজারকাটি গ্রামের আব্দুল গফফারের ছেলে শাহিনুর রহমান,গান্ধুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী গাইনের ছেলে আবু বক্কার গাইন, মৃত আমির মাহাজনের ছেলে শাহাজান মহাজন,
জিহাদ আলীর ছেলে সিরাজুল ইসলাম,গণেশপুর গ্রামের মৃত শামসুর মোড়লের ছেলে কামাল মোড়ল,
মথুরেশপুর চরদাহ গ্রামের ছবিলার রহমানের ছেলে সাইদুর রহমান,কুশুলিয়া ইউনিয়নের বাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে আব্দুর রহমান ও আতাউর রহমান, এবং খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আরিফুল আলমসহ আরও অনেকে।
ভুক্তভোগীরা জানান, কেউ ৭ লাখ, কেউ ১০-১৪ লাখ, আবার কেউ ১৮ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন বিদেশ যাওয়ার আশায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বরং টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে হয়রানি ও মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলেন তারা। স্থানীয়দের অভিযোগ, আব্দুল করিম প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে দীর্ঘদিন গ্রামের বাইরে অবস্থান করছেন। কখনো বিদেশে, আবার কখনো ঢাকায় ফ্ল্যাটে বসবাস করে আত্মগোপনে ছিলেন। প্রায় পাঁচ বছর ধরে তিনি নিয়মিত এলাকায় আসেন না বলেও দাবি করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের প্রতারকদের কারণে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগীদের অর্থ ফেরত দিতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

