কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের (১২৭ নং) হিজলা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের তালা ও সিসি ক্যামেরা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর, প্রিন্টার ও এলইডি টিভিসহ বিভিন্ন মূল্যবান শিক্ষাসামগ্রী নিয়ে গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৪টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের প্রধান গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, একটি প্রিন্টার ও দুটি এলইডি টিভি চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষিকা মিতা মণ্ডল জানান, সকালে বিদ্যালয়ে এসে তারা প্রধান গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এছাড়া বিদ্যালয়ের সবগুলো সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। পরে অফিস কক্ষ ও শ্রেণিকক্ষ থেকে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

আরেক শিক্ষিকা তনুশ্রী ঘোষ বলেন, চোরেরা প্রথমে বিদ্যালয়ের পিছনে থাকা বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর তালা ও সিসি ক্যামেরা ভেঙে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে। তিনি জানান, এর আগেও বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে, তবে স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। বিষয়টি জানাতে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক থানায় গেছেন।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল বলেন, বারবার বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। সরকারি সম্পদ ও শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হওয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হতে পারে। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার এবং বিদ্যালয়ে নাইটগার্ড নিয়োগসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *