শহিদ জয়, যশোর
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোর ও নড়াইলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি-৬ যশোর। পূজামণ্ডপে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এসআরবি-৬-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।
তিনি জানান, এসআরবি-৬-এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৩ অক্টোবর থেকে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত।
তিনি আরও বলেন,পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় টহল জোরদারের পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগে শনাক্ত ও প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণে সক্রিয় রয়েছে সাইবার মনিটরিং সেল। এ ছাড়া শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা কার্যক্রম চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন,সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

