সমাজের আলো।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এবং প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদযাপিত হচ্ছে। এই উৎসব যেন সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ এর প্রায় দশ হাজার সদস্য দেশব্যাপী বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন হয়েছে। পূজামন্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি তার দায়িত্ব পালন করছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান ওএসপি, পিএসসি এই তথ্য জানান।
তিনি আরো বলেন, বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে আরো ৯টি পূজামন্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা মোতায়েন হয়েছেন। পূজামন্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সাথে সমন্বয় করা হয়েছে। সেই সাথে প্রতিটি পুজা মন্ডপকে ঘিরে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ থাকে তার লক্ষে বিভিন্ন বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থা গুলোর সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এই নিরাপত্তার দায়িত্বে ৩৩ বিজিবির প্রায় ১৬টি প্লাটুন ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে।
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের প্রায় দুই হাজার বিজিবি সদস্য প্রায় ২২২টি পূজামন্ডপের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, আমরা বিশ্বাস করি, বিশ্বের বুকে বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উদাহরণ হিসেবে বিবেচিত হবে। এজন্য আমরা সর্বস্তরের নাগরিক, মন্ডপ কর্তৃপক্ষ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন এবং সাতক্ষীরা ব্যাটালিয়ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শারদীয় দূর্গাপুজা-২০২৬ উদযাপন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সু-সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান পুরাতন সাতক্ষীরা মন্দির ঘুরে দেখেন এবং মন্দিও সমিতির নেতৃবৃন্দ ও আগত ভক্তদের সঙ্গে কথা বলেন। তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির সমিতির প্রধান উপদেষ্ট বিশ্বনাথ ঘোষ, মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জী, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সহ সাধারণ সম্পাদক বলাই চন্দ্র দে, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সমিতির সদস্য অসিম কুমার সোনা, শ্রীদাম দে প্রমুখ উপস্থিত ছিলেন।

