সমাজের আলো।।
সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ এবং ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা শহর। শিক্ষার্থীদের টানা বিক্ষোভ, সড়ক অবরোধ ও ঘেরাও কর্মসূচির মুখে ‘ডাঃ সজিব বায়োলজি’ নামের একটি কোচিং সেন্টার সিলগালা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থী শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। পরে তারা অভিযুক্ত কোচিং সেন্টারটি ঘেরাও করে পরিচালক ডাঃ সজিবের গ্রেপ্তার দাবি জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ চলাকালীন কোচিং পরিচালনার প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলামকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন কোচিং পরিচালক ডাঃ সজিব। ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ডাঃ সজিব দীর্ঘদিন ধরে ছাত্রীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করে আসছেন। এছাড়া কোচিং সেন্টারের আড়ালে নারীদের নিয়ে নাচানাচি ও ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও তোলেন তারা। একজন প্রাক্তন ছাত্র হয়ে শিক্ষকদের যোগ্যতা নিয়ে কটূক্তি করায় ক্ষোভ আরও বাড়ে বলে জানান শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্তের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। এছাড়া অফিস থেকে একটি কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *