সমাজের আলো।। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের ঠাকুরপাড়ায় পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ প্রয়োগ করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে সাধন নামের এক ব্যক্তির বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরচক্র ঘরের আলমারি ও বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয়। রাতের খাবার খেয়ে পরিবারের সবাই গভীর ঘুমে পড়ে।তারা ঘরে থাকা আলমারি ও লকার ভেঙে নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পরদিন বুধবার (৩ জুন) সকালে দীর্ঘ সময় পার হলেও ঘরের কেউ জেগে না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং চুরির বিষয়টি টের পান। অচেতনাবস্থায় উদ্ধার হওয়া সদস্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

