সমাজের আলো।। খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে তালা উপজেলার কুমিরা বটতলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। নিহতের নাম আব্দুল খালেক (৭০)। তিনি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাস্তা পার হতে যাওয়া এক ‘মানসিক ভারসাম্যহীন’ পথচারী বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এসময় পথচারী আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বাসে থাকা অর্ধশতাধিক জন যাত্রী আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি (বাস নম্বর: সিলেট-জ ১১-০৬৯০) কুমিরা বটতলা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এক ব্যক্তি রাস্তার সামনে চলে আসেন। চালক তাকে রক্ষা করার চেষ্টা করলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসচাপায় পথচারী আব্দুল খালেকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটিতে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা ভেতরে আটকা পড়ে। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা। তারা উদ্ধার কাজের সার্বিক তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, ‘বাসটিতে ১১ দলীয় লংমার্চে অংশগ্রহণকারী আনুমানিক ৫০ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা, তা বাসটি পুকুর থেকে উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে দুর্ঘটনা কবলিত পরিবহনটি উদ্ধারে কাজ চলছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।’

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন পথচারীর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত পরিবহনটি উদ্ধারে কাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হলে হতাহতের বিষয়টি পুরোপুরি জানা যাবে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *