সমাজের আলো।। এক ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম হায়াত আলী। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ার খাসপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ঘেরের কর্মচারী ছিলেন।
পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে হায়াত আলীর প্রতিদিনের মত ঘরে যান। তার লাশ পড়ে থাকতে থেকে গ্রামবাসীরা তার পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা লাশ মৎস্য ঘের থেকে বাড়িতে নিয়ে এসে তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করে। এসময় স্থানীয়রা নিহতের নাক-মুখ ফেটে যাওয়া ও শরীরের বিভিন্ন স্থানে চামড়া ছেলা ও ঝলসানো অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি রহস্যজনক মনে হলে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হলে বা এসিড নিক্ষেপের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
তবে ঘের মালিক খেজুবাড়িয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, তার ঘেরে কোন বিদ্যুৎ সংযোগ নেই।
দেবহাটা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, শুক্রবার (৫ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

