সমাজের আলো।। সরকারি খালের দখল ও মাছ ধরাকে কেন্দ্র ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আজহারুল ইসলাম (৩৩), আশরাফ হোসেন (৬০), কবির হোসেন (২৬), আব্দুল্লাহ মামুন সাদ (৩২), আরাফাত হোসেন (২৭), আক্তার হোসেন (২৬), নাজমা খাতুন (২২), মোমিন মোড়ল (৬৫) ও লায়লা বেগম (৬৫)।
জানা যায়, খালটি স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলামের নিয়ন্ত্রণে ছিলো। সকালে নেতাকর্মীরা ওই খালে মাছ ধরতে গেলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহিন হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী খালে জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলামের অনুসারীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সরকারি খালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

