কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজারে নির্বাচনী অফিস ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ফতেপুর বাঁশতলা বাজারের মোজামের মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী অফিস ভাড়া নেওয়া নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিনের সমর্থক নুরুজ্জামানের নেতৃত্বে একদল লোক স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) ডাঃ শহিদুল আলমের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫/৬ জন আহত হন এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে মীর শাহিনুর আলম (দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক), আকুল হোসেন (সাবেক ইউপি সদস্য, ২নং ওয়ার্ড), লিটন মীর, শিমুল মীর ও আজম হোসেনসহ আরও কয়েকজনের নাম জানা গেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এবং মামলা বা জিডির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

