সমাজের আলো।। মেহেরপুর ক্লিনিকে জরায়ু টিউমার অপারেশন করতে গিয়ে নাসিমা খাতুন (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বজনরা ক্ষুব্ধ ক্লিনিকে হামলার পাশাপাশি মালিক ও চিকিৎসককে মারধর করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু হয়। নিহত নাসিমা খাতুন গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।
মারধরের শিকার চিকিৎসকরা হলেন- ক্লিনিকের মালিক ডা. মিজানুর রহমান ও তার ছেলে এনেসথেসিস্ট ডা. অভি। দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী নাসিমা খাতুনের জরায়ু টিউমারের অপারেশন করার জন্য মেহেরপুর ক্লিনিকের মালিক ডা. মিজানুর রহমানের সঙ্গে ২৫ হাজার টাকায় চুক্তি করে তার ছেলে নাজমুল হুদা। চুক্তি মোতাবেক তার মাকে বিকেলে মেহেরপুর ক্লিনিকে ভর্তি করেন। ডাক্তারের কথা মতো দুই ব্যাগ রক্ত সংগ্রহ করে দেন ও অগ্রিম ৬ হাজার টাকা দেন।
রাত ৮টার দিকে নাসিমা খাতুনকে অপারেশন থিয়েটারে নেন ক্লিনিকের স্টাফরা। সেখানে ডা. মিজানুর রহমান অপারেশন করেন ও তার ছেলে এনেসথেসিস্ট ডা. অভি সহযোগী হিসেবে ছিলেন। কিছুক্ষণ পর অপারেশন টেবিলেই রোগী মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এতে এনেসথেসিস্ট ডা. অভি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে রোগীর লোকজন গ্রাম থেকে গিয়ে পুনরায় ক্লিনিকে হামলা চালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টিম গিয়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়।

