সমাজের আলো।। ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে।চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে মঙ্গলবার। পৃথিবীর অনেক জায়গা থেকেই দেখা যাবে এই বলয়গ্রাস গ্রহণ, তবে ভারত থেকে নয়।
সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী। চাঁদ আবার তাকেই প্রদক্ষিণ করে চলে। এই অনবরত ঘূর্ণনের ফলে কখনও কখনও চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে। তখন হয় গ্রহণ। যদি ঘুরতে ঘুরতে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে, তখন পৃথিবী থেকে সূর্যের কিছু অংশ আর দেখা যায় না। সে সময় হয় সূর্যগ্রহণ।
আমেরিকার মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার বিজ্ঞানীরা বলছেন, সূর্যগ্রহণের সময় পৃথিবীর থেকে সবচেয়ে দূরের অবস্থানে আসে চাঁদ। মনে রাখতে হবে, চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে না। যেহেতু পৃথিবী থেকে অনেকটাই দূরে, তাই তাকে তুলনায় একটু ছোটই দেখায়। পৃথিবী থেকে দেখলে মনে হয়, উজ্জ্বল কোনও ডিস্কের উপর বসানো রয়েছে কালো একটি ডিস্ক। সেই কালো ডিস্কের চারপাশ দিয়ে বিচ্ছুরিত হতে থাকে আলোর রেখা। ঠিক যেন একটা আগুনের আংটি। একেই বলে ‘অগ্নিবলয়’ বা ‘রিং অফ ফায়ার’।

