সমাজের আলো।। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে আজ মঙ্গলবার নতুন সরকার গঠিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এ সরকারের প্রধান হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।News অনুসরণ করুন
এর মধ্য দিয়ে তারেক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে দেশের ইতিহাসে নতুন এক রেকর্ড। বাবা-মায়ের পর তারেক রহমান সরকার প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন আজ। এক পরিবারের তিন সদস্যের সরকার প্রধানের দায়িত্ব পালনের ঘটনা দেশে অতীতে আর ঘটেনি। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালের ২১ এপ্রিল তত্কালীন রাষ্ট্রপতি এ এস এম সায়েম পদত্যাগ করলে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজে চেয়ারম্যান হিসেবে থেকে নতুন রাজনৈতিক দল বিএনপি গঠন করেন। ১৯৯১ সালের পর থেকে তার প্রতিষ্ঠিত এই দলটি এবার নিয়ে চারবার রাষ্ট্রক্ষমতায় আসীন হলো।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন। তখন খালেদা জিয়া ছিলেন পুরোদস্তুর গৃহিণী। স্বামীহারা খালেদা দলের হাল ধরেন। যুক্ত হন স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে। রাজনীতিতে এসে রাজপথের আন্দোলনে সম্পৃক্ত হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান খালেদা জিয়া। চষে বেড়ান দেশের নানা প্রান্ত। এর ফলও পান। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর তিনি তিন দফা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। দেশের একাধিক সাধারণ নির্বাচনে একাধিক আসনে দাঁড়িয়ে কখনোই কোনোটিতে না হারার অনন্য রেকর্ড রয়েছে তার দখলে।গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান। মায়ের মৃত্যুর পর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এখন বাবা-মায়ের পর তিনিও দেশ চালানোর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে গত ডিসেম্বরে ১৭ বছরের নির্বাসিত জীবন ছেড়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তিনি।

