সমাজের আলো।।
বিশ্বের সামরিক শক্তিধর শীর্ষ ২০টি দেশের মধ্যে অবস্থান করছে ‘চিরশত্রু’ ইরান ও ইজ়রায়েল। গ্লোবাল ফায়ারপাওয়ারের সমীক্ষা অনুযায়ী সামরিক শক্তির নিরিখে তেল আভিভের এক ধাপ নীচেই অবস্থান করছে তেহরান। ফৌজিশক্তির নিরিখে কার শক্তি বেশি? যুদ্ধের ময়দানে কে কোন মারণাস্ত্র ব্যবহার করে শেষ হাসি হাসবে?পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে অস্ত্রের দাপাদাপি। হামলা-পাল্টা হামলায় যুদ্ধের ময়দানে তাল ঠুকছে ইহুদি ও মুসলিম রাষ্ট্র। যুদ্ধের আঁচে পুড়ছে পশ্চিম এশিয়া। ইরান-ইজ়রায়েল রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ২৭ ফেব্রুয়ারি সাবেক পারস্য দেশের রাজধানী তেহরান-সহ একাধিক শহরে আছড়ে পড়ে ইজ়রায়েল এবং আমেরিকার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন।দেশের সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) খামেনেইয়ের মৃত্যুর পর হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের নেতারা জানিয়েছেন তাঁরা চুপ করে বসে থাকবেন না। ইজ়রায়েল যা করেছে, তার যথাযোগ্য ‘জবাব’ তাঁরা দেবেনই। আমেরিকা এবং ইজ়রায়েলকে ‘নরকের দ্বারে’ পৌঁছে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভেলিউশনারি গার্ড (আইআরজিসি)।
শিয়া দেশটির থেকে ইহুদিদের উপর এ ভাবে আক্রমণ নেমে আসায় পশ্চিম এশিয়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধের রব উঠেছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেনাছাউনি রয়েছে। সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, সৌদি আরব এবং জর্ডনে উত্তেজনা ছড়িয়েছে। আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।
বিশ্বের সামরিক শক্তিধর শীর্ষ ২০টি দেশের মধ্যে অবস্থান করছে ‘চিরশত্রু’ দুই দেশই। ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ সমীক্ষক সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ফৌজিশক্তির নিরিখে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইহুদি ও শিয়া রাষ্ট্র। সামরিক শক্তির নিরিখে তেল আভিভের এক ধাপ নীচেই অবস্থান করছে তেহরান। ২০২৬ সালের গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স অনুসারে, ইজ়রায়েল ১৪৫টি দেশের মধ্যে ১৫তম স্থানে রয়েছে। আর ইরানের ফৌজিশক্তির স্থান ১৬।ফায়ারপাওয়ার ইনডেক্সের নিয়ম অনুযায়ী যে দেশের স্কোর সবচেয়ে কম হবে তার র্যাঙ্কিং তত উঁচুতে থাকবে। সেই স্কোর অনুযায়ী ইজ়রায়েলের প্রাপ্ত নম্বর ০.২৭০৭। আর ইরানের স্কোর ০.৩১৯৯। সে দিক থেকে দেখতে গেলে ইজ়রায়েল এবং ইরান দুই দেশই সামরিক শক্তিতে একে অপরকে টেক্কা দিতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের।জনসংখ্যার নিরিখে ইহুদি রাষ্ট্রের তুলনায় পাল্লা ভারী মুসলিম অধ্যুষিত দেশ ইরানের। ইরান এবং ইজ়রায়েলের মধ্যে জনসংখ্যার উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ১৯৪৮ সালে জন্ম হওয়া ইজ়রায়েলের জনসংখ্যা মাত্র ৯৪ লক্ষ। সে তুলনায় ইরানের জনসংখ্যা ৮ কোটি ৮০ লক্ষ। স্বাভাবিক ভাবেই সৈনশক্তির নিরিখে ইরানের থেকে কয়েক যোজন পিছিয়ে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

