সমাজের আলো।।
সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সাতক্ষীরা রেঞ্জে ফের বড় ধরণের সাফল্য পেয়েছে বনবিভাগ। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির বনকর্মীরা অভিযান চালিয়ে বনের ভেতর থেকে হরিণ শিকারের জন্য পাতা ২৫টি বিশেষ ‘মালা ফাঁদ’ উদ্ধার ও অপসারন করেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির একটি দল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বনের মন্দিরের খালএলাকায় ‘ফুট পেট্রোলিং’ (পায়ে হেঁটে টহল) করছিল। এসময় ঝোপের আড়ালে হরিণ শিকারের উদ্দেশ্যে পেতে রাখা দীর্ঘ মালা ফাঁদগুলো বনকর্মীদের নজরে আসে। চতুর শিকারিরা বন্য হরিণ ধরার জন্য এই মরণফাঁদগুলো পেতে রেখেছিল। বনকর্মীরা তাৎক্ষণিকভাবে সেগুলো ছিঁড়ে ফেলে এলাকাটি বিপদমুক্ত করেন।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, সুন্দরবনের অমূল্য সম্পদ হরিণ শিকার রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। নিয়মিত টহলের মাধ্যমেই আজ মন্দিরের খাল এলাকা থেকে ২৫টি হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী পাচারকারী ও শিকারিদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে আমাদের এই বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

