নিজস্ব প্রতিনিধি: পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে আম পাড়া ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তা পাকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরিপক্ক ল্যাংড়া আম জব্দ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। সোমবার (১৮ মে) সকালে সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পলাশপোলস্থ নবজীবন ইনস্টিটিউটের পাশে আলিপুর এলাকার মিজান নামের ঐ ব্যক্তি প্রশাসনের বেধে দেওয়া নির্দেশনা অমান্য করে ক্রয়কৃত আম গাছ থেকে অপরিপক্ক আম পারছিল। এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও সাতক্ষীরা কৃষি অফিস। ঘটনাস্থলে গিয়ে সাতক্ষীরা সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন আম চাষির গাছ থেকে সংগ্রহ করা অপরিপক্ক অনুমান ৬০ কেজি আম জব্দ করেন এবং তাকে সতর্ক করেন আগামী ২৭ মের আগে ল্যাংড়া আম গাছ থেকে সংগ্রহ করলে জেল জরিমানার আওতায় আনা হবে বলে জানান। এই মৌসুমে পরিপক্ব ও বিষমুক্ত আম নিশ্চিত করতে স্থানীয় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার কঠোর নজরদারির কারণে এই অপরিপক্ক আম জব্দ করা সম্ভব হয়েছে।
অপরিণত অবস্থায় আম পাড়া ঠেকাতে সাতক্ষীরা জেলা প্রশাসন প্রতি বছর সুনির্দিষ্ট সময়সূচি বা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ নির্ধারণ করে দেয়। এই বর্ষপঞ্জি অনুযায়ী প্রতিটি জাতের আম পরিপক্ব হওয়ার পরেই কেবল গাছ থেকে পাড়ার নির্দেশনা রয়েছে।
নির্ধারিত সময়ের আগে আম পেড়ে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইথেফন, ক্যালসিয়াম কার্বাইডের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তা কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করে। এভাবে অপরিপক্ক আমে রাসায়নিক মেশানো প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আম জব্দ ও ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত রেখেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া জেলা কৃষি অফিস। ক্রেতাদের অতিরিক্ত উজ্জ্বল বা রাসায়নিকের গন্ধযুক্ত আম কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ও কৃষি অফিস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *