সমাজের আলো।।শ্যামনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষে সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ দুই পক্ষের‌ ৯ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে নিতাই চন্দ্র মন্ডল, মনোজিৎ কুমার মন্ডল, আবুল কালাম, হেমায়েত ও মোহাম্মদ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা সবাই উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০৪ নম্বর লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদ নিয়ে জালাল উদ্দীন ও সাবেক সভাপতি প্রকাশ মন্ডলের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার জন্য আজ সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান উভয় পক্ষকে নিয়ে তাঁর দপ্তরে বৈঠকে বসেন। আলোচনার একপর্যায়ে দুপক্ষ বাদানুবাদে জড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেনও আহত হন।

দুপক্ষই এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সরকারি অফিসের ভেতরে এমন ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *