কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় কালিগঞ্জ থানার এসআই নিকুঞ্জ রায়ের নেতৃত্বে এএসআই কামরুল, এএসআই মিজানুর, এএসআই রাসেল এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা এলাকার মৃত মালিক আল সাদাতের ছেলে মো. হাবিবুল্লাহ (৩০), পূর্ব নারায়ণপুর এলাকার নূর ইসলামের ছেলে মো. আমিরুল ইসলাম (২৩), একই এলাকার মো. ফজর আলীর ছেলে মো. আলী হোসেন (২৫), কাকশিয়ালী এলাকার মোহাম্মদ সরদারের ছেলে মো. আব্দুল কাশেম (৪০), কারাশিয়ালী এলাকার মো. বজল সরদারের ছেলে মো. সাজু সরদার (২৮), দেয়া এলাকার মো. রফিক সরদারের ছেলে আব্দুর রহমান (২৫) এবং কাকশিয়ালী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. সুমন রহমান (২২)।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ অর্থ, বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন, একটি রেডমি মোবাইল ফোন, একটি জিন্স প্যান্টসহ তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

