সমাজের আলো :

অনলাইনে সাইবার বুলিং, শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং মানসিক, যৌন ও শারীরিক সহিংসতার শিকার শিশু, যুব ও নারীদের বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন, সাতক্ষীরার পৃষ্ঠপোষকতায় এবং সাইলেন্স সহ উন্নয়ন সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারিগরি শিক্ষা অফিসের পরিচালক জনাব মোঃ হুসাইন শওকত।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, “বর্তমান ডিজিটাল যুগে নারীদের অবমাননা এবং শিশুদের সাইবার বুলিংয়ের শিকার হওয়া একটি বড় চ্যালেঞ্জ। এ ধরনের অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং সামাজিক সচেতনতা এবং পারিবারিক মূল্যবোধ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।” তিনি সাইবার অপরাধীদের কঠোর হস্তে দমনের পাশাপাশি ভুক্তভোগীদের মানসিক ও আইনি সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় বক্তারা তৃণমূল পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার অপরাধের শিকার হলে দ্রুত আইনি সহায়তার উপায়গুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে জোর দাবি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *