সমাজের আলো।। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ব্যবসায়ি কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে৷ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের নিহতের বড় ভাই নূর ইসলামের বাড়ির পিছন থেকে পুলিশ তার কাদামাখা মরদেহ উদ্ধার করে।
তিনি আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের রহিম সরদারের ছেলে।
আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের গোলাম কিবরিয়া জানান, তার বাবা গ্রাম থেকে বিভিন্ন প্রকার ফল কিনে বাজারে বিক্রি করতেন। দাদা মৃত আব্দুর রহিমের কাছ থেকে আট শতক জমি কিনে নিয়েছেন মর্মে একটি ভুয়া দলিল দেখিয়ে বড় চাচা নূর ইসলাম আট শতক জমি দাবি করে আসছিলেন। ওই জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে তার বাবা নামজারি করিয়ে নেন। জমির আর এস রেকর্ডও তার বাবার নামে। একপর্যায়ে বড় চাচা নূর ইসলাম ওই জমি তার দাবি করে ২০২৪ সালে সাতক্ষীরা সিভিল আদালতে মামলা করেন। এরপর থেকে বড় চাচার সাথে তাদের বিরোধ চচরমে পৌঁছে।
তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাশর্^বর্তী মোড়ে চা খাওয়ার কথা বলে তার বাবা বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। একপর্যায়ে আজ সোমবার সকালে আশাশুনি থানায় জিডি করেন। বেলা এগারটার দিকে প্রতিবেশি চাচি সালেহা খাতুন বড় চাচা নূর ইসলামের বাড়ির পিছনে বাবার কাদামাখা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে বিকেল ৩টার দিকে পুলিশ তার বাবার মরদেহ উদ্ধার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহম্মেদ খান জানান, কালাম সরদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে ঘাড়,গলা ও কোমরের চামড়া ছিলে যাওয়ার চিহৃ রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুও কারণ জানা যাবে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

