হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যার পরে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ স্ত্রীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি আশাশুনি উপজেলাতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই তিনি অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরন করলে রাতেই তার লাশ দেবহাটা উপজেলার বহেরাস্থ পৈত্রিক বাসবভনে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ১৩ আগষ্ট সকাল ১১ টায় বহেরা বাজারে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, ডেপুটি কমান্ডার জামাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার বহেরা গ্রামের মৃত শামসুল হক সর্দারের ছেলে ছিলেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই(সশস্ত্র) মনিরুজ্জামানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য। রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

