সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ার অন্তর্গত সুবর্ণাবাদ বাজার পোস্ট অফিসে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে অফিসের তালা ভেঙে ৪টি সৌর প্যানেল, ৪টি ব্যাটারি, ৩টি ল্যাপটপসহ অন্যান্য প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় ও অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা পোস্ট অফিস বন্ধ করে বাড়ি চলে যান। রাতের কোনো এক সময়ে একদল চোর পোস্ট অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে সকালে অফিস খুলতে এসে চুরির বিষয়টি সবার নজরে আসে। চোরচক্রটি অফিসের জরুরি ইলেকট্রনিক ও দাপ্তরিক মালামাল লুটে নেয়।
এ বিষয়ে পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “সকালে এসে দেখি অফিসের দরজা ভাঙা এবং ভেতরের সৌর প্যানেল, ব্যাটারি, ৩টি ল্যাপটপসহ প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল তছনছ অবস্থায় চুরির ঘটনা ঘটেছে। এতে অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।”
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতের বেলায় বাজারে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। বাজারে রাতের টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

