যশোর অফিস
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জামায়াত-শিবিরের কর্মী বা সদস্য হলেই জান্নাত নিশ্চিত নয়; সৎ কাজের মাধ্যমে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে।
যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদ্দাম বলেন, দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের কারণে দেশ পিছিয়ে পড়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি চালানো ব্যক্তিদের স্বাধীন বাংলাদেশে কোনো স্থান হবে না।
তিনি বলেন, ডিগ্রির সার্টিফিকেট থাকলেই যোগ্যতা ছাড়া চাকরি পাওয়া যায় না। একইভাবে জামায়াত-শিবিরের কর্মী বা সদস্য পদ পেলেই জান্নাত নিশ্চিত হয়ে যায় না। কাজের মাধ্যমেই তা অর্জন করতে হবে।
সমাবেশে যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় স্কুল সম্পাদক ডা. জাহেদ আহম্মেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।

