সমাজের আলো।। সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) বেলা আনুমানিক ১২টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।নিহত শিক্ষার্থীরা হলো—সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ লাবিব হোসেন (১০) ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা (১০)। লাবিব বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে এবং হাবিবা একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয়ে আসার আগে বাটকেখালী এলাকার একটি পুকুরে গোসল করতে নামে লাবিব। গোসলের একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় লাবিবকে ডুবতে দেখে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় সহপাঠী উম্মে হাবিবা।
কিন্তু দুর্ভাগ্যবশত হাবিবাও পানির নিচে তলিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।একই স্কুলের দুই শিক্ষার্থীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো বাটকেখালী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট হাবিবার এই সাহসী আত্মত্যাগ এবং লাবিবের অকাল বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

