সমাজের আলো।। শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার শেষরাতে (ভোররাত সাড়ে তিনটা) উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে আসামিদের স্বজনেরা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) বদরুজ্জামান ও কনস্টেবল নাজমুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ বাদী হয়ে ইউপি সদস্য মশিউর রহমান ও তাঁর নেতাসহ ১৫ জনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
শ্যামনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফনকাজে সহায়তার জন্য পুলিশ গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে যায়। দাফন শেষে পরোয়ানাভুক্ত আসামি ধরতে একই ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে মাইনুর রহমান, শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নিয়ে শ্যামনগর থানার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় শাহিনুর ও মহিদুল ইসলামকে ছিনিয়ে নেন তাঁরা।
শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এজাহারনামীয় চার নম্বর আসামি রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

