সমাজের আলো।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় সীমান্তের নিকটবর্তী ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে ৯টিসহ মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা রক্ষায় ১৫ প্লাটুন (মোট ৩০০ জন) বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি সীমান্ত সংলগ্ন পূজামণ্ডপসমূহ এবং উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব ব্যাটালিয়ন সদরের দায়িত্বাধীন মণ্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা মোতায়েনকৃত প্লাটুনগুলোকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
বিজিবি জানায়, একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে দুর্গাপূজা চলাকালীন সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর রিজিয়নের আওতাধীন এলাকার মোট ২২২টি পূজামণ্ডপে প্রায় ২,০০০ বিজিবি সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

