ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম (মনি)-এর বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *