যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেনের বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে তাঁর বাড়িতে এসব বস্তু ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটে। শিমুল হোসেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পুলিশের কয়েকটি দল অবিস্ফোরিত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দল বস্তু দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ বিএনপি, কৃষক দল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে শিমুল হোসেনের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *