সমাজের আলো।। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই) রয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার পর এই নজরদারি জোরদার করা হয়েছে।এর আগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুম মুনীরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কারও সঙ্গে পুলিশ সদস্যদের যোগাযোগের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হয়।গোপালগঞ্জে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার পর সেখানকার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।
সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, নিরাপত্তা বাড়িয়ে পরিস্থিতি নজরে রাখছে তারা। বিগত দুই দিনে উচ্চপর্যায়ের দুটি বৈঠকও হয়েছে। সরকারের চিন্তা ধৈর্য ধরে থাকা। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে এবং আওয়ামী লীগ অরাজকতা তৈরি করলে সরকার কঠোর হবে।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ দেশের অন্য কোথাও সেভাবে সক্রিয় নেই। তাদের বিক্ষোভ শুধু গোপালগঞ্জকেন্দ্রিক। এসব করে তারা সরকারকে উসকানি দিচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়ার; কিন্তু সরকার সে ফাঁদে পা দেবে না।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকেন্দ্রিক কিছু মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা সীমালঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।গোপালগঞ্জ শহরে গতকাল রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাপক সহিংসতা ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সও ভাঙচুর করা হয়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।
একই দিন টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সহিংসতার ঘটনায় গোপালগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার এবং পুলিশ সুপারকে অন্য জেলায় বদলি করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে সরকারের ঘনিষ্ঠ সূত্র।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার নিরাপত্তায় ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পাশাপাশি বিজিবির ১৫০ সদস্যও দায়িত্ব পালন করছেন।
এদিকে টুঙ্গিপাড়ার বাইরে পিরোজপুরের নাজিরপুরেও বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে সিলেট ও গাজীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।
অন্যদিকে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।গোয়েন্দা সংস্থার আশঙ্কা, চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে নাশকতা ও সহিংস কর্মসূচির পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশ-বিদেশে পলাতক নেতাকর্মীরাও এতে জড়িত। ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করাই তাদের মূল লক্ষ্য বলে মনে করছেন গোয়েন্দারা।
সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশের বিভিন্ন পর্যায়ে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং তল্লাশি জোরদার করা হয়েছে।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও গ্রুপের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। আইজিপি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং দেশের সব সীমান্তবর্তী জেলায় পুলিশকে বিশেষ নজরদারি বাড়াতে বলা হয়েছে।

