সমাজের আলো।।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদ ও শ্রমিকলীগের সহ-সভাপতি সাবেক এমপি মীর মোস্তাক আহমেদের আস্থাভাজন হিসেবে পরিচিত শেখ তৌহিদুর রহমান ডাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬ য়টার দিকে সাতক্ষীরা শহরের নবারুন স্কুল মোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেখ তৌহিদুর রহমান ডাবলু সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকার শেখ জিয়াউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় জনতা সন্ধ্যা ৬ টার দিকে নবারুন স্কুল মোড় থেকে আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান ডাবলুকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ রয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

