কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে নৌকা জড়িয়ে ডুবে গিয়ে আব্দুল আজিজ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুল আজিজ স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে নৌকাযোগে কাঠ পরিবহনের সময় নদীতে পেতে রাখা মাছ ধরার জালে নৌকাটি জড়িয়ে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তাঁরা পানিতে পড়ে যান।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এ সময় নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁর স্ত্রী কাজল বেগম ও ছেলে আবিরকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন।
পুলিশের হেফাজতে রয়েছে নিহত আব্দুল আজিজের মরদেহ।

