সমাজের আলো।। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শহীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান এবং জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, পল্টু বাসার, কোস্টাল সংস্থার শাহীন, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী।

বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের এই যুগে নাগরিকের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য, অপশব্দ বিস্তার রোধে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে নাগরিকের তথ্য জানার সুযোগ যত বাড়বে, ততই জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভায় সরকারি দপ্তর কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টিআইবির প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *