ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা। প্রথমে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে এবং নলতা মাধ্যমিক বিদ্যালয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে পরাজিত করে ফাইনালে ওঠে।চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ।

এ সময় বিষয়ের বিপক্ষে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবিল হাসান, রত্না সুলতানা ও ঋ সরকার এবং পক্ষে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বনলতা, মাইমুনা বিনতে জামান সওদা, মেহেরা আনজুম ও সাদিয়া সুলতানা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত যুক্তি ও উপস্থাপনায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক

সংস্থার উপজেলা শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল এবং রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক সোমা বিশ্বাস। বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল। সময় নিয়ন্ত্রক ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। ফলাফল সংরক্ষণে সহযোগিতা করেন শিক্ষিকা কণিকা সরকার ও সৈয়দ মাহমুদুর রহমান। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবুল হাসান, দ্বিতীয় একই বিদ্যালয়ের দিগন্ত মণ্ডল এবং তৃতীয় হন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী দে।

বিতর্কে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবিল হাসান সেরা বক্তা নির্বাচিত হন। এছাড়া ছয়জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি-২০২৬’

প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী কালিগঞ্জের জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। পরে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। অংশগ্রহণকারী ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রতিযোগীকেও দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *