সমাজের আলো।। পানিতে ডুবে ও বজ্রপাতে এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলার ধুমঘাট ইউনিয়নের দুটি গ্রামে এসব ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) কাজ করতে মাঠে যাওয়ার সময় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত কৃষ্ণপদ বৈদ্য ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
একই দিনে দুপুর ১টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

